Tuesday, October 25, 2016

তোমায় নিয়ে লেখা




এ ক্যামন প্রতীক্ষায় থাকি রাত্রিদিন ?
সন্ধিবিহীন ; কত
আলাপে মুগ্ধতা রেখে অদৃশ্য হয়ে যাও তুমি ।
তবু তোমাকেই বলছি – শুদ্ধতা সুন্দর ;
যেমন প্রতিটি সন্ধ্যার ছায়ায় মিশে যাই আমরা
নিকষ গহ্বরে বড় হতে থাকি লুকোতে লুকোতে
বড় হতে থাকে আমাদের হৃদয়ের একরোখা হাহাকার
ওখানে মৃত্যু
ওখানে রাত্রি
ওখানে স্বপ্নভঙ্গের করুণ অঙ্গুলি – অস্থির ভীষণ
ওখানে মানুষের আত্মা আর আত্মার মানুষের মিলন
আলোচিত সব জীবনের পরে ।
অথচ একটু খেয়াল করলেই ঝাপসা ঠোঁট
তোমার বুকে ঘাসের গন্ধ – আকাশের নীল
মিলেমিশে ক্যামন ভয়ঙ্কর একাকীত্ব গড়ছে
ভিনদেশীর মতোন ক্যামন অবাক চোখ – স্থির
মুহুর্তেই পুনর্জন্মের বহুল পরিচিত কথা বলে
দুটো স্বল্প সাহসী আত্মা – পরাজিত অবয়ব !
আমার চতুর্পাশে তোমার এক জনমের গন্ধ
পাক খেতে খেতে আমাকে একা করে ফেলে
খুব একা – আত্মার মতো একা ।
তবু বলছি তোমাকে , শরীর পেরিয়ে দ্যাখো
একা দুটো হাত ক্যামন শীর্ণকায় – ক্যামন অপেক্ষায়
সহস্র অভিমান জমিয়েছে
তোমার আকাঙ্ক্ষার হাত রাখলেই এক ঝাঁক অশ্রুর মতো ফুল ফোটে ।

No comments:

Post a Comment